‘নেটফ্লিক্স হাউজ’ নামে বিভিন্ন জায়গায় দোকান খোলার পরিকল্পনা করছে নেটফ্লিক্স। স্ট্রিমিংয়ের পাশাপাশি ভিন্ন উপায়ে কনটেন্ট বিক্রির পরিকল্পনা করছে নেটফ্লিক্স। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, দোকানে নেটফ্লিক্সের বিভিন্ন কনটেন্টের পাশাপাশি খাবারও বিক্রি করা হবে।
দোকান কোথায় খোলা হবে, তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও ২০২৫ সাল নাগাদ আমেরিকায় প্রথম দুটি দোকান চালু করতে পারে নেটফ্লিক্স।
ব্লুমবার্গকে নেটফ্লিক্সের গ্রাহক পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ সিমন বলেন, ‘ভক্তরা কীভাবে আমাদের সিনেমা ও টিভি শোর জগতে নিজেদের সম্পৃক্ত করতে পছন্দ করেন, তা আমরা জানি। তাই কীভাবে এর আরও প্রসার ঘটানো যায়, তা নিয়ে চিন্তা করেছি আমরা।’
নিজস্ব অনলাইন স্টোর থেকে বিভিন্ন সামগ্রী বিক্রি করে নেটফ্লিক্স। এর মধ্যে স্ট্রেঞ্জার থিংসের মতো জনপ্রিয় সিরিজের টি-শার্ট থেকে শুরু করে লাল রঙের খাম আকৃতির স্লিপিং ব্যাগ পর্যন্ত রয়েছে।
এ ছাড়া আমেরিকার লস অ্যাঞ্জেলসে ‘স্কুইড গেইম: দ্য ট্রায়ালস’-এর মতো ‘ইমার্সিভ’ অভিজ্ঞতার পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডনে স্ট্রেঞ্জার থিংস সিরিজের প্রিকুয়েল সংস্করণের স্টেজ শো আয়োজন করে থাকে নেটফ্লিক্স। তবে নেটফ্লিক্স হাউজ হতে যাচ্ছে কোম্পানিটির প্রথম স্থায়ী স্টোর।
এর আগে জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’- এর ওপর ভিত্তি করে একটি রিয়েলিটি শো আয়োজন করার পরিকল্পনা জানায় নেটফ্লিস্ক। ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ নামের এই শো’ আগামী নভেম্বরে শুরু হবে। আর সবশেষ এই দোকান খোলার পরিকল্পনার খবর পাওয়া গেল।
