গত ফাইনালের নায়ক বেন স্টোকস এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচেও হয়তো সাইডলাইনে বসেই কাটাতে হবে এই অলরাউন্ডারকে।
হিপ ইনজুরির কারণে সে ম্যাচে স্টোকসকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। বিবিসির প্রতিনিধি ম্যাথু হেনরি জানান, স্টোকস এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। গতকাল ধর্মশালায় হালকা অনুশীলন করেছেন স্টোকস, ব্যাটিংয়েও নেমেছিলেন খানিক, কিন্তু তাঁকে তেমন স্বচ্ছন্দ মনে হয়নি। আর সে কারণেই স্টোকসকে মাঠে নামানোর ঝুঁকি না-ও নিতে পারে ইংলিশরা।
স্টোকস এর না খেলার আরো একটা কারণ হতে পারে ধর্মশালার বাজে আউটফিল্ড। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ধর্মশালার বাজে আউটফিল্ডের জন্য অনেক সমালোচনা হয়েছে। আফগানিস্তানের ইংলিশ কোচ জোনাথন ট্রটও স্বদেশিদের সতর্ক করেছেন এ ব্যাপারে। তাই বাজে আউটফিল্ডে স্টোকসকে নামিয়ে ঝামেলা বাড়াতে চায় না ইংল্যান্ড, এমনটাই শোনা যাচ্ছে।
আগামীকাল বেলা ১১ টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
