ভারতের দক্ষিণী সিনেমা যারা দেখেন অথবা পছন্দ করেন সাই পল্লবীর নামটি তাদের কাছে অত্যন্ত পরিচিত। এই অভিনেত্রী তামিল, তেলুগু ও মালায়লাম ভাষার সিনেমায় কাজ করেন।
অভিষেকের প্রায় আট বছর পার করে এবার বলিউডে নাম লেখাচ্ছেন দক্ষিণের অভিনেত্রী সাই পল্লবী। ‘রামায়ণ’সিনেমা দিয়েই হিন্দি অভিষেক হতে চলেছে তার। নিতেশ তিওয়ারির পরিচালনায় মহাকাব্যিক এই ছবিতে ‘সীতা’ চরিত্রে দেখা যাবে সাই-কে।
প্রথমে আলিয়া ভাটকে বেছে নেওয়া হলেও শিডিউল না থাকায় ছবিটি করতে পারছেন না তিনি, যা এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়। সূত্রের ভাষ্য, “রামায়ণ’র মতো ছবি বানানোর জন্য অনেক বড় সময় প্রয়োজন। নির্মাতা-প্রযোজকরা একেবারে বিস্তৃত পরিসরে গল্পটা উপস্থাপন করতে চাইছেন। এজন্য প্রি-প্রোডাকশনে ধীরলয়ে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু শিডিউল না থাকায় সিনেমাটিতে যুক্ত হননি আলিয়া।”
এই সিনেমায় দেবতা রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এছাড়া ‘কেজিএফ’ খ্যাত কন্নড় তারকা যশকেও দেখা যাবে ছবিটিতে। ইতোমধ্যে যশের লুক টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। তবে এখনও লিখিতভাবে চুক্তিবদ্ধ হননি। তাই তার অভিনয় করার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।
