ডেভিড কোরেন্সওয়েট নতুন ‘সুপারম্যান’

আপডেট : ২৭ জুন ২০২৪, ১২:৩৬

‘দ্য পলিটিশিয়ান’ সিরিজে অভিনয়ের সুবাদে বিশ্বব্যাপী খ্যাতি কুড়িয়েছেন ডেভিড কোরেন্সওয়েট। আগামীতে এই হলিউড অভিনেতাকে দেখা যাবে ডিসি ইউনিভার্সের জনপ্রিয় ‘সুপারম্যান’ ফ্র্যাঞ্চাইজিতে। অভিনেতা হেনরি ক্যাভিলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। প্রথমবারের মতো সুপারম্যান চরিত্রে অভিনয় করছেন কোরেন্সওয়েট। এরইমধ্যে ফাঁস হয়েছে শুটিং সেটের কিছু স্থিরচিত্র। সুপারম্যান লুকে একঝলক দেখা গেছে অভিনেতাকে।

মুক্তি প্রতীক্ষিত সুপারম্যান ফ্র্যাঞ্চাইজির এই নতুন কিস্তির শিরোনাম ‘সুপারম্যান: লিগ্যাসি’। তবে আরও সহজ ও প্রভাব বিস্তার করতে পারে এমন একটি নাম বেছে নিতে পারেন এর নির্মাতা ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’খ্যাত জেমস গান। ডিসি ইউনিভার্সে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সিনেমা। 

সোমবার (২৪ জুন) আমেরিকার ওহাইও রাজ্যে শুটিং চলাকালের বেশকিছু স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ৩০ বছর বয়সী কোরেন্সওয়েটকে চটকদার কালো চুলে আইকনিক লাল-নীল কস্টিউমে দেখা গেছে। এ সময় তাঁর পাশে ছিলেন ‘এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস’খ্যাত তারকা এডি গাথেগি। যিনি এই চলচ্চিত্রে রয়েছেন সুপারহিরো মিস্টার টেরিফিকের ভূমিকায়। তাঁর মুখে কালো মুখোশ। গায়ে কালো, লাল ও সাদা জ্যাকেট। যা থেকে আঁচ করা যায়, চরিত্রটি কমিক বই থেকে ব্যাপক অনুপ্রাণিত।

পাশপাশি ফাঁস হওয়া স্থিরচিত্রে উন্মাদনার পারদ চড়িয়েছেন এমিজয়ী অভিনেত্রী রাচেল ব্রসনাহ্যান। সিনেমাটিতে তিনি রয়েছেন লোইস লেনের ভূমিকায়। কোরেন্সওয়েটের সঙ্গে একটি নাটকীয় ক্র্যাশ দৃশ্যে ফ্রেমবন্দি হন তিনি।

কথা রয়েছে, ২০২৫ সালের ১১ জুলাই মুক্তি পাবে সুপারম্যান ফ্র্যাঞ্চাইজির এই নতুন কিস্তি। সামাজিক মাধ্যমে গত মাসে ফার্স্টলুক প্রকাশ করে নির্মাতা জেমস গান লেখেন, ‘প্রস্তুত হন #সুপারম্যান’। পাশাপাশি মুক্তির তারিখ জুড়ে দেন তিনি।

তারকাবহুল এ চলচ্চিত্রে কোরেন্সওয়েট-রাচেল-এডি গাথেগি ছাড়াও অভিনয় করছেন নিকোলাস হোল্ট, ইসাবেলা মার্সেড, স্কাইলার গিসোন্দো, সারা সাম্পাইও, টেরেন্স রোজমোর, অ্যান্থনি ক্যারিগান প্রমুখ।

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প