বিভিন্ন বাস্ততায় অনেকে সময় দিতে পারেন না নিজের যত্নে। আর এদিক থেকে সবচেয়ে বেশি অবহেলায় থাকে চুল। অযত্ন, অপরিচ্ছন্নতার মতো কারণ কেড়ে নিতে পারে আপনার চুলের প্রাণ। তবে ঘরোয়া উপায়ে চুলের যত্ন নেওয়ার যায় যার কিছু উপায় নিয়ে কথা বলব।
সপ্তাহে অন্তত দু’বার নারকেল তেল চুলে লাগান। তের দেওয়ার পর হালকা গরম পানিতে একটি তোয়ালে ডুবিয়ে এটি চিপে চুলে জড়িয়ে রাখুন। ৫ মিনিট রেখে আবার গরম পানিতে ডোবান। এইভাবে ৩-৪বার করুন। তাহলে চুলে এবং স্ক্যাল্পে তেল ভাল মতো ঢুকে যাবে। পরদিন হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। শ্যাম্পু একদমই অল্প ব্যবহার করবেন এবং চুল ভালভাবে ধোবেন। শ্যাম্পু করার পর নারিশিং ক্রিমি কন্ডিশনার ব্যবহার করতে হবে। অল্প পরিমাণে নিয়ে চুলে নীচের অংশে মাসাজ করুন। ২ মিনিট রেখে ধুয়ে ফেলুন। যদি মনে হয় চুলের নিষ্প্রাণ ভাব যাচ্ছে না, তাহলে লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করতে পারেন। আর সব শেষে লাগান হেয়ার সেরাম।
মাথায় খুশকির পরিমান বেশি হলে মেথি লাগাতে পারেন। এটি খুশকি কমাতে সাহায্য করে। ২ টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন পানিসহ বেটে নিন। এতে ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে লাগান। তারপর আধাঘন্টা এভাবে রাখুন। পরে ধুয়ে নিন। এছাড়াও হেনা খুশকি প্রতিরোধে বেশ কার্যকরী। চুলের দৈর্ঘ্য অনুসারে হেনাগুঁড়ো নিতে হবে। তাতে ২টি ডিম, ৪ চা চামচ লেবুর রস এবং ৪ চা চামচ কফিগুঁড়ো এবং পর্যাপ্ত পরিমাণে টক দই মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ এবার স্ক্যাল্পসহ চুলে লাগিয়ে নিন। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
