পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে চাঁদের উদ্দেশে যাত্রা করলো ভারতের চন্দ্রযান-৩। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পৃথিবীকে প্রদক্ষীণ করে চন্দ্রযান ৩-এর 'অরবিট ম্যানুভারিং' সম্পন্ন হয়েছে সফল ভাবে। প্রদক্ষীণ শেষ করে এবার চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩।
তারপর চাঁদকে প্রদক্ষীণ করতে করতে সেটি অবতরণ করবে চাঁদে এবং কয়েকদিনের মধ্যেই এই মহাকাশযানটি চাঁদের মাটি স্পর্শ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
এ নিয়ে এক বিবৃতিতে ইসরোর পক্ষ থেকে বলা হয়, পৃথিবীর কক্ষপথে ঘোরা সম্পন্ন করেছে চন্দ্রযান-৩। আগামী ৫ আগস্ট এটি চাঁদের কক্ষপথে পৌঁছাবে।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৩৮৪,৪০০ কিলোমিটার এবং পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে প্রায় ৪২ দিনের মতো লাগবে বলে ধারণা করা হচ্ছিল। আর সেই পথেই এগোচ্ছে চন্দ্রযান ৩।
গত ১৭ জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে এলভিএম৩-এম৪ রকেটে চেপে চাঁদের উদ্দেশে রওনা দেয় চন্দ্রযান ৩। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারত।
ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার এবং রোভার। ৭০ ডিগ্রি দ্রাঘিমায় অবতরণ করার কথা এই মহাকাশযানের। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখনও পর্যন্ত যে তিনটি দেশ চাঁদে পা রেখেছে, তাদের কেউই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। চাঁদের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছে তারা।
