চুল পড়লে প্রাকৃতিক উপাদানের সাহায্যে যত্ন নিতে পারেন চুলের এবং গুলো কেবল চুল পড়াই বন্ধ করবে না, পাশাপাশি চুল করবে ঝলমলে ও নরম। ঘরোয়া উপায়ে রাতারাতি চুল পড়া বন্ধ করা সম্ভব নয় বরংএগুলো কাজ করে ধীরে।
১। অ্যালোভেরা
চুল পড়া রোধে অ্যালোভেরা অন্যতম জনপ্রিয় ঘরোয়া প্রতিকার। টাটকা অ্যালোভেরা জেলে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এবং চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খনিজ যেমন জিঙ্ক, কপার ইত্যাদি পাওয়া যায়। প্রোটিওলাইটিক এনজাইমও রয়েছে এতে। মাথার ত্বকে অ্যালোভেরা জেল ম্যাসাজ করা হলে মৃত কোষ দূর হয় এবং পুষ্টি প্রবেশ করতে পারে চুলের গোড়ায়। এতে চুল পড়া কমে। শুষ্কতার কারণে মাথার ত্বকের প্রদাহ প্রতিরোধ করতেও এর জুড়ি নেই। ১ কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও ২ টেবিল চামচ মেথির গুঁড়া মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে ভালো করে লাগান চুলে। পরদিন সকালে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
২। কেমিক্যাল ব্যবহার বন্ধ করুন
চুলে হাজার ধরনের কেমিক্যালের ব্যবহার বন্ধ করতে হবে। মাথায় সালফেট ও প্যারাবিনমুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। এ ক্ষেত্রে অয়েল বেজড বা কন্ডিশনার বেজড শ্যাম্পু ব্যবহার করতে পারলে এই শীতের আবহে সব থেকে ভালো কাজ করে।
৩। নারকেলের দুধ ও তেল
নারকেলে আছে ফ্যাট। এটা চুলের স্বাস্থ্যের জন্য ভালো। নিয়মিত এই তেল দিয়ে ম্যাসাজ করলে চুল পুষ্টি পাবে এবং চুল পড়া বন্ধ করবে। খুব জোরে ঘষলে বেশি চুল পড়ার আশঙ্কা থাকে। কোরা বা বাটা নারকেল গরম পানিতে ভিজিয়ে দুধ বের করে মাথায় লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। চুলের স্বাস্থ্য বাড়াতে যে প্রোটিন আর পটাশিয়াম একান্ত প্রয়োজন, তারই জোগান দেবে নারকেলের দুধ। সপ্তাহে এক দিন ব্যবহার করলেই চলবে।
৪। নিমপাতার নির্যাস
এক লিটার পানিতে ১৫-২০টা নিমপাতা খুব ভালো করে ফুটিয়ে নিন। মিশ্রণটা ঠাণ্ডা করে বোতলে ভরে রেখে দিন। সপ্তাহে অন্তত একবার শ্যাম্পু করার পর এই নিমের পানিতে চুল ধুয়ে নিন। তালুতে ইনফেকশন, খুশকি অথবা অন্য সমস্যা থাকলে নিমের প্রভাবে তা থেকে মুক্তি পাবেন। ফলে চুলের গোরা শক্ত হবে। চুল পড়ার হার কমবে।
৫। ডিম
অ্যামিনো অ্যাসিডের চমৎকার উত্স ডিম। ডায়েটের অংশ হিসেবে ডিম খাওয়ার পাশাপাশি মাথার ত্বকে ডিমের প্যাক লাগাতে পারেন। এক ধরনের ফ্যাটি অ্যাসিড লেসিথিনের উপস্থিতির কারণে চুল পড়া রোধ করতে পারে ডিম। ডিমের কুসুমে পানিতে দ্রবণীয় পেপটাইড থাকে, যা চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে পারে। ডিমে থাকা ফ্যাটি অ্যাসিড চুলে পুষ্টি জোগায় এবং ভাঙাজনিত চুল পড়া কমাতে সাহায্য করে। ডিমের প্যাক তৈরির জন্য একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
৬। পেঁয়াজের রস
চুল পড়ার তীব্রতা নিয়ন্ত্রণ করতে পেঁয়াজের রস লাগাতে পারেন চুলে। এতে থাকা ফেনোলিক যৌগ এবং সালফার চুল পড়া কমাতে সক্ষম। কয়েকটি পেঁয়াজ পেস্ট করে রস বের করে নিন। চুলের গোড়ায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।