চরকিতে আসছে ফারিয়ার ছবি

পাতালঘর সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো দেশীয় এ ওটিটিতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। একের অধিক  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়া চলচ্চিত্রটি  মুক্তি পাবে চরকিতে।

সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার কাজ করেছেন নূর ইমরান মিঠু। সিনেমাটিতে নুসরাত ফারিয়ার সাথে  আরও দেখা  যাবে আফসানা মিমি, নাসির উদ্দিন খান, রওনক হাসান, মামুনুর রশিদ, দীপান্বিতা মার্টিন, নাজিয়া হক অর্ষা, সালাউদ্দিন লাভলু, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু, মামুনুল হক, হাসনাত রিপনসহ আরও অনেককেই।

ক্যামেরার পেছনে কাজ করেছেন সালাউদ্দিন লাভলু ও গিয়াস উদ্দিন সেলিম। ক্যামেরায় কাজ করার পাশাপাশি এবারই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন সিনেমার পর্দায়। বড় ভাই সালাউদ্দিন লাভলুর মেয়ের চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। 

 সিনেমায় ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে আর তার মায়ের ভূমিকায় আছেন আফসানা মিমি।

সিনেমা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এমন সিনেমা আমি আগে কখনো করিনি। তাই খুবই উৎসুক ছিলাম। স্ক্রিপ্ট দেখেই কাজ করার জন্য প্রেমে পড়ে যাই৷ মিমি আপাসহ সহ-শিল্পী সবাই খুবই দারুণ ছিলেন। যারা আমাকে বেশ আপন করে নিয়ে কাজটি করেছেন। আমি তাদের সঙ্গে আরও কাজ করতে চাই।‘ 

আফসানা মিমি বলেন, ‘দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এই সিনেমায়। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে পরের কিছু সম্পর্ক ও সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প দেখা যাবে এই ছবিতে।'

রাজ্য ফিল্মস’র প্রযোজনায় ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং বাতায়ন প্রোডাকশনের সহযোগিতায় ‘পাতালঘর’ সিনেমাটি নির্মিত হয়েছে।

কথা ছিল, প্রেক্ষাগৃহে আসবে নুসরাত ফারিয়ার নতুন চলচ্চিত্র ‘পাতালঘর’। তবে আপাতত সেটা হচ্ছে না। মুক্তি পাচ্ছে ওটিটিতে।