১৫-১৬ আগস্টের মাঝে দেশের প্রায় ১২ টির মত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস হামলার প্রমাণ পেয়েছে ই-গভ সার্ট, যদিও এসব ওয়েবসাইটের ভিতর কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই বলে দাবি সংস্থাটির।
এমন হামলায় ওয়েবসাইট কিছুক্ষণের জন্য অচল হলেও বড় রকমের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা।
সার্টের প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী সাইফুল আলম খান জানান প্রতিবেশি কয়েকটি দেশের কয়েক হ্যাকারগ্রুপ এ হামলা চালিয়েছে। হামলার ফলে সেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট আধা থেকে এক ঘণ্টার মতো বন্ধ থাকে, তবে এতে তথ্য চুরির কোনো আশঙ্কা নেই। নিরাপত্তার জন্য আক্রান্ত সাইট গুলোর নাম প্রকাশ না করলেও এর ভিতর কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই।
যদিও বিভিন্ন হ্যাকার গ্রুপ অন্তত ২৫টি সাইটে হামলার দাবি করেছে, আর কোনো সাইটে হামলা হয়েছে কি না, তা ক্ষতিয়ে দেখছে সার্ট। এ ছাড়া গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এ ওয়েবসাইটে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রকৌশলী সাইফুল আলম খান।
সাইবার নিরাপত্তা বিশ্লেষক আরিফ মঈনুদ্দীন বলেন, ডিডস হামলা বড় ধরনের কোনো হ্যাকারদের কাজ নয়। এতে কিছুক্ষণের জন্য ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। এতে সেবা বিঘ্নিত হয়, কিন্তু ডেটা চুরি ও তথ্য ফাঁসের কোনো সম্ভাবনা নেই।
বুধবার সাইবার হামলার শঙ্কায় এনআইডির সাইটসহ বেশকিছু ওয়েবসাইট বন্ধ রাখা হয় নিরাপত্তাজনিত কারণে। এর আগে ৪ আগস্ট সাইবার হামলার কথা জানিয়ে রেড এলার্ট জারি করে ই-গভ সার্ট যেখানে ভারতীয় কিছু হ্যাকাররা ১৫ আগস্ট হামলার হুমকি দিয়েছে বলে জানানো হয়।